অভয়নগরে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে একটি টেক্সটাইল মিলে মেশিনে জড়িয়ে আল আমিন গাজী (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার সিড্ল টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক আল আমিন গাজী উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের ধোপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শ্রমিক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুটি ফিনিসার কার্ড মেশিনে মেরামতের কাজ করছিলেন তিনি। বুধবার ভোর আনুমানিক ৩ টার দিকে চলমান একটি ফিনিসার কার্ড মেশিনে বিকট শব্দ হয়। এসময় তিনি ওই মেশিনের কাছে গিয়ে দেখেন আল আমিন গাজী শব্দ করা ওই মেশিনের ভেতরে জড়িয়ে আটকে রয়েছেন। দ্রুত মেশিন বন্ধ করে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সিড্ল টেক্সটাইল মিলের সিবিএ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মেশিনে জড়িয়ে নিহত শ্রমিকের মরদেহ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।