অভয়নগরে প্রথম আক্রান্ত সেই বৃদ্ধের করোনা জয়

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধ ইব্রাহিম শেখ করোনা জয় করে বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধকে তার বাড়িতে পৌঁছে দেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২ মে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৪ মে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার দু’দিন পর তাকে খুলনা মেডিকের হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে এ পর্যন্ত একই পরিবারের দু’জন (দাদা ইব্রাহিম শেখ ও নাতি) করোনায় আক্রান্ত ছিল। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ মে ইব্রাহিম শেখের নমুনা সংগ্রহ করা হয়। নমুনায় কোভিড-১৯ নেগেটিভ পাওয়া যায়। অভয়নগরে তিনি ছিলেন প্রথম করোনা রোগী এবং তিনিই প্রথম করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়। আশা করি, তিনি সুস্থভাবে পরিবারের সকলের সাথে ভালো থাকবেন। আইসোলেশনে থাকা বৃদ্ধের নাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেও ভালো আছে, সুস্থ হয়ে উঠছে। দু’একদিনের মধ্যে তাকেও বাড়ি পৌঁছে দেয়া হবে। করোনা বিজয়ী বৃদ্ধ ইব্রাহিম শেখ বলেন, ডাক্তারদের সুচিকিৎসায় নতুন জীবন ফিরে পেয়েছি। আমি দোয়া করি তারা (ডাক্তার) ভাল থাকুক।