অভয়নগরে প্রতিবন্ধী যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় আল আমিন মোল্ল্যা (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার প্রেমবাগ গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আল আমিন মোল্ল্যা উপজেলার প্রেমবাগ গ্রামের আমজেদ মোল্ল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের বাবা আমজেদ মোল্ল্যা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন সময় তার এই সমস্যার কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না। বাড়িতে কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে যেত আবার ৭-৮ দিন পরে বাড়িতে ফিরে আসতো। এদিন রাতে তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের জানালার কাপড় সরিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।