অভয়নগরে পরিবারের সদস্যদের বেঁধে বাড়িতে লুট

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে একই পরিবারের ৩ জন সদস্যের হাত, পা ও মুখ বেঁধে স্বার্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে রাজকুমার দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজকুমার দত্ত সোনাতলা গ্রামের অসীত দত্তের ছেলে।
বুধবার বিকেলে রাজকুমার দত্ত বাদি হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
খুলনা জেলার শিরোমনি বাজারে চরকাস্টিল কোম্পানি লি. নামে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন তিনি। মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। বুধবার (৩ জুলাই) ভোর রাতে তার স্ত্রী ফোন করে জানান, রাতে বারান্দার গ্রিলের তালা ও দরোজা ভেঙে ৩ জন মুখোশধারী যুবক ঘরে প্রবেশ করে চিৎকার করতে নিষেধ করে। প্রথমে তারা আমার বৃদ্ধ বাবা, মা, স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে দুই জোড়া স্বর্ণের তৈরি কানের দুল, দুই জোড়া গলার টানা, এক জোড়া বালা, দুইটি গলার চেইন, একটি আংটিসহ প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে তারা একটি সিম্ফনি-ডি৪১ মডেলের মোবাইল ফোন নিয়ে ঘরের দরোজা বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায়। প্রায় ৪ লাখ টাকার স্বার্ণালংকার ও মালামালসহ পালিয়ে যায় তারা।
রাজকুমার দত্ত বলেন, চোরচক্র চলে যাওয়ার পর আমার স্ত্রী তার হাত ও পায়ের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। খবর পেয়ে সকালে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে সবকিছু পরিদর্শন করেন। সবার সঙ্গে আলোচনা করে বুধবার বিকেলে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি সংঘবদ্ধ চুরির ঘটনা। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।