অভয়নগরে চুরি বেড়েছে

0

স্টাফ রিপোর্টর, অভয়নগর(যশোর)॥যশোরের অভয়নগর উপজেলা বিভিন্ন এলাকায় চুরি- ছিনতাই বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের মধ্যে উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় সোনাপট্টির অপরুপা জুয়েলার্স ও সোনালী ফার্মেসিতে চুরির পর সোমবার দিবাগত রাত ১টার পরে নওয়াপাড়ার প্রাণকেন্দ্র নূরবাগে সোনালী ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক চুরির ঘটনায় আতংকিত সাধারণ ব্যবসায়ীরা।
সোনালী ফার্মেসির ক্যাশবক্স ভেঙে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ২ লাখ টাকার ওষুধ চুরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সোনালী ফার্মেসির চালের টিন ও গ্রিল কাটা। দোকানের ভেতরের মেঝেতে বিভিন্ন ওষুধ ছড়ানো-ছিটানো। ক্যাশ কাউন্টারের ড্রোয়ার ভাঙা ও ফ্রিজ খোলা রয়েছে। সিসি টিভির ফুটেজে দেখা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে এক ব্যক্তি ফার্মেসির ক্যাশ কাউন্টার ভেঙে টাকা- পয়সা একটি ব্যাগে ভরছে।
এ বিষয় ফার্মেসির মালিক ও বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড কেমিস্ট অভয়নগরের সাব কমিটির সাধারণ সম্পাদক বিশ^জিৎ সিংহ বলেন, সোমবার রাত ১২টার পরে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলে দেখি ক্যাশবক্স ভাঙা । ওপরের টিনের চাল ও গ্রিল কাটা। পরে অভয়নগর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরির্দশন করেছে। আমার ওষুধের দোকান থেকে প্রায় ২লাখ টাকার মূল্যের ওষুধ ও ক্যাশে থাকা নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে নওয়াপাড়া সোনাপট্টির জনতা মার্কেটে অপরুপা জুয়েলার্সে চুরি হয়। দোকানের সামনের একটি সিটি গোল্ডের দোকানের তালা ভেঙে অপরুপা জুয়েলার্সের দেয়াল ভেঙে ২ ভরি সোনা ও ১২০ ভরি রুপাসহ নগদ ৪৫ হাজার টাকা ও সিটি ফুটেজের ডিভাইস নিয়ে গেছে চোর।
নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সির মিজানুর রহমান মিজা মোল্যা ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, চুরির ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। মাসিক আইনশৃখলা কমিটির মিটিংয়ে চুরির ঘটনাগুলো তুলে ধরা হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ আকিকুল ইসলাম জানান, নওয়াপাড়া নুরবাগে সোনালী ফার্মেসিতে চুরির খবর জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। সাম্প্রতিক সময়ে চুরি বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন পযাপ্ত নাইট গার্ড ও সিসিটিভি স্থাপনের ব্যাপারে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এছাড়াও এই চক্রটিকে আটকে আমাদের বিশেষ টিম মাঠে নামানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।