অবিরাম বৃষ্টিতে চৌগাছায় মাছ ধরার ঘুনি ও জালের কদর

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতে চৌগাছা এলাকায় খাল বিল, ডোবা নালাতে জমেছে বৃষ্টির পানি। মাঠের পর মাঠ থৈথৈ করছে পানি, দেখা মিলছে দেশি হরেক রকমের মাছ। আর এই মাছ শিকারে মৌসুমি শিকারীরা মেতে উঠেছেন। কেউ জাল দড়া নিয়ে শিকার করছেন মাছ, কেউ বা ঘুনি চারো দিয়ে মাছ ধরছেন। মাছ ধরার ধুম পড়ে যাওয়ায় ঘুনি চারো জাল বিক্রি বেড়েছে। চাহিদা বেশি থাকায় হঠাৎ করেই চড়া দামে এসব বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ।
শনিবার চৌগাছা কামিল মাদ্রসা সড়কে দেখা যায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন জাল, ঘুনি চারো কেনার জন্য। দাম নিয়ে অনেককেই এ সময় বিক্রেতার সাথে বাকবিত-ে জড়িয়ে পড়তেও দেখা যায়।
বাজার ঘুরে দেখা গেছে, একটি খেপলা জাল ৭৫০ টাকা হতে ২২শ টাকায় বিক্রি হচ্ছে। অনরুপ ভাবে ছোট এক জোড়া চারো বিক্রি হচ্ছে ৩শ আর বড় চারোর জোড়া সাড়ে ৪শ টাকা। ঘুনি ৫শ টাকা থেকে ৮শ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া আটালীসহ অন্যান্য ছোটখাটো মাছ শিকারের যন্ত্র বিক্রি হচ্ছে ২৫০ টাকা হতে ৫শ টাকায়।
এ সময় কথা হয় উপজেলার চাঁদপাড়া গ্রামের যুবক রিপন হোসেন, হাকিমপুর ইউনিয়নের বেড় তাহেরপুর গ্রামের মাসুম বিল্লাহর সাথে। তারা অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগেও এক জোড়া ছোট চারো কিনেছি ২শ থেকে আড়াই শ টাকায় অথচ আজ কিনতে হচ্ছে ৩শ টাকায়। ঘুনি জোড়া ছিলো ৪শ টাকা এখন তা ৭শ টাকা। কয়ারপাড়া গ্রামের যুবক লাভলু বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে খালে বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। তাই একটি খেপলা জাল ও কয়েক জোড়া চারো কিনতে এসেছি। কিন্তু বর্ষা দেখে ব্যবসায়ীরা মাছ ধরা এসব যন্ত্রের দাম বাড়িয়ে দিয়েছে। কিছুই করার নেই তাই যে দাম চাওয়া হচ্ছে সেই দামে কিনতে হচ্ছে। বাজারের চুড়িপট্টিতে গিয়ে দেখা যায় পাতা জাল, খেপলা জাল কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে দোকানে। একাধিক ক্রেতাসাধারণ বলেন, কয়েক বছর এমন বৃষ্টি হয়নি। একাধারে বৃষ্টি হওয়ায় বিল খালে প্রচুর মাছ হচ্ছে তাই জাল কিনতে এসেছি।
ব্যবসায়ী হাসিবুল ইসলাম, বকুল হোসেন বলেন, জাল, ঘুনি চারো এসব হচ্ছে মৌসুমি ব্যবসা। বৃষ্টি থেমে গেলে এর বেচাকেনাও কমে যাবে। এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই অন্য সময়ের চেয়ে আমাদেরকে বেশি দরেই সব কিনতে হচ্ছে। যে দরে কেনা হচ্ছে তার থেকে স্বল্প লাভে বিক্রি করছি।
এ দিকে অবিরাম বৃষ্টিতে চৌগাছার প্রতিটি এলাকায় পানি থৈথৈ করছে। মাঠে জমে থাকা পানি খাল দিয়ে বিভিন্ন বিল বাঁওড়ে নামছে, সৃষ্টি হয়েছে প্রচুর স্রোত। এই স্রোতে হরেক রকমের মাছ ধরা পড়ছে। শনিবার দুপুরে উপজেলার খড়িঞ্চা গ্রামের বড় পোল খালের পাড়ে গিয়ে দেখা যায় সব বয়সের মানুষ মাছ শিকারে মেতে উঠেছে। যে যেমন ভাবে পারছেন ধরছেন মাছ। এসময় কথা হয় খড়িঞ্চা গ্রামের আকাশ, জিহাদ, বিল্লাল, মতিয়ার রহমানের সাথে। তারা বলেন, সকাল থেকেই এই খালে হরেক রকমের মাছ ধরা পড়ছে। ছোট মাছের পাশাপাশি ধরা পড়ছে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ। পাশেই খড়িঞ্চা বাঁওড়ের অবস্থান হওয়ায় স্রোতে ওই বাঁওড় হতে মাছ উঠে আসছে আর এখানে জালে ধরা পড়ছে ওই সব মাছ। ঝিরঝির বৃষ্টিতে এমন মাছ ধরার আনন্দই অন্যরকম বলে তারা অভিমত ব্যক্ত করেন।