অনেক দিন পর ভালো ইনিংস, দারুণ উপভোগ করেছি, রোহিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ স্পোর্টস ডেস্ক॥ দীর্ঘদিন পর বড় ইনিংস খেলে স্বস্তিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে কটকের দ্বিতীয় ওয়ানডেতে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে দলকে সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। ম্যাচের পর নিজের ব্যাটিং নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভারতীয় অধিনায়ক।

রোহিত বলেন, ‘অনেক ভালো লাগছে। সত্যি বলতে, মাঠে নেমে রান করতে পারাটা আমি দারুণ উপভোগ করেছি। এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, তাই আমার পরিকল্পনা ছিল ধাপে ধাপে ইনিংস গড়া।’

পিচের চরিত্র বুঝেই ব্যাটিং করেছেন বলে জানান রোহিত, ‘কালো মাটির উইকেটে বল কিছুটা স্কিড করছিল, তাই ব্যাটের পুরো মুখ ব্যবহার করতে হয়েছে। ওরা শরীরের দিকে বল করার চেষ্টা করছিল, যাতে আমি জায়গা না পাই, তাই আমার পরিকল্পনা ছিল গ্যাপ বের করে খেলা। সৌভাগ্যক্রমে, গিল এবং পরে শ্রেয়াসের কাছ থেকে ভালো সমর্থন পেয়েছি। আমরা একসঙ্গে ব্যাটিং উপভোগ করি।’

শুভমন গিলের প্রশংসা করে রোহিত বলেন, ‘গিল খুবই ক্লাসি ব্যাটসম্যান। আমি ওকে কাছ থেকে দেখেছি, ও কখনও পরিস্থিতির চাপে ভেঙে পড়ে না। পরিসংখ্যানও সেটাই বলছে।’

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঝের ওভারগুলো, যেখানে ভারত ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে।

রোহিতের মতে, ‘মিডল ওভার খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে খেলা যে কোনো দিকে যেতে পারে। যদি মাঝের ওভারগুলো ভালোভাবে সামলানো যায়, তাহলে শেষের দিকে চাপ কম থাকে। নাগপুরের ম্যাচেও আমরা মাঝের ওভারে ভালো বোলিং করেছিলাম, এখানেও তাই করেছি। উইকেট নিতে পারলে প্রতিপক্ষকে আটকে রাখা সম্ভব হয়।’

দলের উন্নতির প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা দল হিসেবে এবং খেলোয়াড় হিসেবে আরও ভালো হতে চাই। আগের ম্যাচের পরও বলেছিলাম, আমাদের উন্নতির জায়গা আছে। যতক্ষণ সবাই পরিষ্কার ধারণা নিয়ে খেলবে যে তাদের কী করতে হবে, এবং কোচ-অধিনায়কের নির্দেশনা মেনে চলবে, ততক্ষণ আলাদা করে চিন্তার কিছু নেই।’

রোহিতের এই ইনিংস ভারতের জন্য স্বস্তির, বিশেষ করে আসন্ন বড় টুর্নামেন্টগুলোর আগে অধিনায়ককে ছন্দে পাওয়া দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।