অজ্ঞানপার্টির কবলে পড়ে কৃষক খোয়ালেন ৪০ হাজার টাকা

0

এম, এ, রহিম চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় অজ্ঞানপার্টির কবলে পড়ে ৪০ হাজার টাকা খুইয়েছেন কৃষক আব্দুল মান্নান (৬০)। রোববার দুপুরে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া পশুহাটে গরু কিনতে গিয়ে ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী আব্দুল মান্নান যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গোয়ালহাটি গ্রামের রুহুল আমীনের ছেলে।
অসুস্থ আব্দুল মান্নানের ছেলে ফেরদৌস রাব্বি জানান, এ দিন তার বাবা একটি গরু কিনতে পুড়াপাড়া পশুহাটে যান। পরে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে জানতে পারেন তার বাবা অজ্ঞান পার্টির কবলে পড়ে জ্ঞান হারিয়ে চৌগাছা হাপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। ছেলে রাব্বি আরও জানান, তার বাবা গরু কিনতে ৪০ হাজার টাকা এনেছিলেন। সেই টাকা অজ্ঞান পার্টির লোকজন নিয়ে গেছে। আহত আব্দুল মান্নান বলেন, পানের সাথে কি যেন মিশিয়ে দিয়েছে তারা। সেই পান খাওয়ার পর এমন হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনার আইনি প্রক্রিয়া চলছে।