গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

0
পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পর গাজীপুরের চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড কারখানার সামনে উৎসুক মানুষের ভিড়।। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় সরবরাহকৃত পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ‘ড্রেসম্যান লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ সকালে শ্রমিকেরা প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দেন। এরপর কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর থেকেই অনেকের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, কারখানায় সরবরাহ করা পানি থেকে এক ধরণের দুর্গন্ধ আসছিল। সেই পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা একে একে অসুস্থ বোধ করতে শুরু করেন এবং পর্যায়ক্রমে শতাধিক শ্রমিক আক্রান্ত হন।

তবে পানিতে কোনো সমস্যা থাকার কথা অস্বীকার করেছেন ড্রেসম্যান লিমিটেড কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম। তিনি দাবি করেন, ‘এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবারে টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাতে শ্রমিকেরা বাইরে পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেছিলেন এবং আজ সকালে কাজে এসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। কারখানার নিজস্ব পানিতে কোনো সমস্যা আমরা পাইনি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পানি পান করে পোশাক শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকেরা এখন পর্যন্ত সম্পূর্ণ শঙ্কামুক্ত আছেন বলে দায়িত্বরত চিকিৎসকেরা পুলিশকে নিশ্চিত করেছেন।