রোহিঙ্গা জেনোসাইড মামলা: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

0
রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে আইসিজের রায়ের পর মিয়ানমারের শীর্ষ পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য; পাশাপাশি উড়োজাহাজের জ্বালানি বন্ধে নতুন আইনের কথা জানিয়েছেন এড মিলিব্যান্ড।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির শীর্ষ পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়ের পর এই প্রথম মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল দেশটি।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হন এবং প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি মানুষ।

নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। আইসিজের রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, জেনোসাইডের মতো অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং কার্যকর পদক্ষেপও নিতে হবে।

তিনি আরও জানান, ২০১৭ সালের জেনোসাইডের সময় মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন এবং সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী; তাঁর ওপর ২০২১ সালেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে; অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে হবে।

পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছাতে অবিলম্বে লড়াই বন্ধ, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের সংলাপ শুরুর আহ্বান জানান তিনি।

মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত শনিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের রায় দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেন তিনি।

সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায় উত্থাপন করবে যুক্তরাজ্য এবং দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে।

আদালতের রায়ে যা উঠে এসেছে

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আইসিজে জানায়, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

বিভিন্ন দেশের বিচারকদের প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয় এবং সংখ্যাগরিষ্ঠ বিচারপতি মত দেন যে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে।

আদালতের রায়ে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল।

ওই অভিযানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন ও হত্যাসহ নানা অপরাধ সংঘটনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, যদিও মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ড জানান, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ তাঁদের সহায়তা দিয়ে যাচ্ছে। জেনোসাইডের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি, যাঁকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জানতে পেরেছেন, মিয়ানমারে এখনো বিমান হামলা চলছে এবং পাশাপাশি আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে।