‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ

0
এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপি ঢাকা মহানগর উত্তর এই কর্মসূচির আয়োজন করে।

শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কোনো মেহমান নন যে তাঁর জন্য বিমান পাঠাতে হবে; যারা ‘পালিয়ে যাব না’ বলে চলে যায়, তারা ‘আসি আসি’ বলেও আসে না। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে এবং বর্তমান বক্তব্যগুলো নাটক ছাড়া কিছু নয়; তবে এলেও তাঁরা স্বাগত জানাবেন এবং মানুষ তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

সাংবাদিকের আরেক প্রশ্নের উত্তরে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগের চরিত্রে আগুন-সন্ত্রাস রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তাদের সন্ত্রাসী কার্যক্রম দেখা গেছে। এর সরাসরি ইন্ধনদাতা ভারত উল্লেখ করে তিনি বলেন, ভারতের ভূমি ব্যবহার ও প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সীমান্ত অতিক্রম করে যাওয়ার মতো ‘ক্রস বর্ডার টেরোরিজম’ প্রশ্রয় দিচ্ছে ভারত।

আওয়ামী লীগের নেতাদের ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ আখ্যা দিয়ে তিনি বলেন, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বিদেশে পাঠানো হয়; ২০২৪ সালের ৫ আগস্টই দলটির ফয়সালা হয়ে গেছে এবং বর্তমান কর্মকাণ্ডে তাঁরা গণবিমুখ শক্তি হিসেবেই নিজেদের প্রমাণ করছেন।

সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ জানান, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তাঁরা। মৌসুম বা মাসকেন্দ্রিক ঐক্য টেকসই নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার উন্নতির জন্য স্থায়ী ঐক্য চাইলে তা গণভোটের গণরায়, সংস্কার ও প্রতিষ্ঠান সুদৃঢ় করার মধ্য দিয়ে হতে হবে।

তাঁর মতে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট ঐক্য চূড়ান্ত হয়েছে এবং এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ।। ছবি: সংগৃহীত

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভারতকে যা দেওয়া হয়েছে তা সারা জীবন মনে রাখার কথা শেখ হাসিনা বললেও এখন দেশটি তাঁকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না; বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা শোনা গেলেও কেউ ঝামেলা নিতে চাইছে না এবং পাসপোর্টও নিতে পারছেন না।

উপায়ান্তর না পেয়ে আওয়ামী লীগ দেশে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে।

পাঁচ দফা দাবিতে সারা দেশে এনসিপির কর্মসূচি চলবে জানিয়ে আসিফ মাহমুদ দাবিগুলো তুলে ধরেন—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

এই পাঁচ দফা দাবির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা দুইটায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়। আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।