হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

0
জিগাতলায় কিশোর নিহতের ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত; মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ আসে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় দায়ের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন-কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানিকালে বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে এজলাসে তোলা হয়; তদন্ত কর্মকর্তা রিমান্ডে নেওয়ার কারণ তুলে ধরেন এবং রাষ্ট্রপক্ষ এর পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালত ৫ দিনের রিমান্ড অনুমোদন দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৭ নভেম্বর একই মামলায় পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি এবং পরবর্তীতে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালিব নামের ওই কিশোর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।

ঘটনার পর ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে, যেখানে এজাহার নামীয় ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।