টেকনাফে শতাধিক বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

0
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা, অস্ত্র, ২৫৪ গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করেছে বিজিবি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কক্সবাজারের টেকনাফ-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযানে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে তা উদ্ধারে সড়কে তল্লাশিচৌকি বসায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।

এ সময় অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ দুই অটোরিকশাচালক আটক হন এবং পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে আটক দুজনই অটোরিকশার চালক। তাঁরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।