ঢাকা–গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

0
নাশকতা ঠেকাতে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় সরাসরি নজরদারি চালাচ্ছে বাহিনী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ নাশকতা ঠেকানোর লক্ষ্যে রোববার গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা জেলাগুলো হলো—গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার।

বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি ব্যাটালিয়নে ৫৫ থেকে ৫৭ প্লাটুন বিজিবি সদস্য থাকেন এবং প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।