যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির ঘটনায় ২ নারী কর্মী আটক

0
সরকারি হাসপাতাল থেকে সিরিঞ্জ-প্লাস্টার চুরি, হাতেনাতে ধরা পড়ল দুই নারী কর্মী ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সরকারি চিকিৎসা সামগ্রী চুরি করে পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছেন হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মী। তার স্বীকারোক্তির সূত্র ধরে পরে আটক করা হয় আরেক সহযোগী আয়াকে। উদ্ধার করা হয়েছে ১০০০ পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার।

আটককৃত পরিচ্ছন্নকর্মীর নাম নাদিরা (৪০)। তিনি সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা এবং হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন। তার সহযোগী জ্যোতি (৪০) একই উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আয়া পদে কর্মরত।

হাসপাতালে টহলরত পুলিশ সদস্য মো. সোহেল রানা জানান, আজ দুপুর পৌনে দুইটার দিকে নাদিরা একটি বড় কার্টুনে চিকিৎসা সামগ্রী লুকিয়ে রিকশায় করে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। কার্টুন খুলতেই বেরিয়ে পড়ে ১০টি ছোট বক্সে ১০০০ পিস সিরিঞ্জ ও ৪টি বক্সে ৪৮ পিস প্লাস্টার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরা স্বীকার করেন, সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতি এই চুরিতে সরাসরি জড়িত এবং তারা দুজন মিলে পরস্পরের সহযোগিতায় মালামাল পাচার করে আসছিলেন। এরপর জ্যোতিকেও আটক করা হয়।

আটককৃত দুজনকে চুরির মালামালসহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পীর কার্যালয়ে হাজির করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আইনগত ব্যবস্থার জন্য তাদের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।