সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বনদস্যুদের কবলে পড়া ১৩ মৌয়াল মুক্তিপণ দিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন। শনিবার (৯ মে) বিকেলে তারা খুলনার কয়রা উপজেলার বানিয়াখালী ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেন।
ফিরে আসা মৌয়ালরা হলেন— কয়রা উপজেলার কাটাখালী গ্রামের হারুন গাজী, আব্দুল গফুর গাজী, চরণ সরকার, মালিক গাজী, আফতাব আলী, হান্নান গাজী; বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম, পরিমল চন্দ্র সরকার, খোকন মণ্ডল, মহানন্দ মণ্ডল, কালাম গাজী, পীর আলী গাজী ও খোদা বাক্স গাজী।
মৌয়ালদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৭ মে) বানিয়াখালী ফরেস্ট অফিস থেকে পাস-পারমিট নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে যান। ওইদিন বিকেল ৫টার দিকে শিবসা নদীর পূর্ব পাশে কুমড়ুখালী খালসংলগ্ন এলাকায় বনদস্যুদের একটি দল তাদের আটক করে।
পরে তাদের সুন্দরবনের ভেতরে একটি খালে নিয়ে গিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় দুইটি নৌকায় থাকা নগদ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় বনদস্যুরা।
মৌয়ালদের অভিযোগ, পরে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৬ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে টাকা নেওয়ার পর শনিবার ভোর ৪টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসময় মৌয়ালদের নৌকায় থাকা প্রয়োজনীয় মালামালও নিয়ে যায় বনদস্যুরা।
মুক্ত হয়ে তারা প্রথমে বানিয়াখালী ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন,
“ঘটনার বিষয়ে শুনেছি এবং মৌয়ালদের সঙ্গে কথা হয়েছে। তারা থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”