দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় ৩ খুন

0

লোকসমাজ ডেস্ক ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা, চুয়াডাঙ্গা ও মাগুরায় পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার সংঘটিত এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ওষুধ ব্যবসায়ী, এক যুবক ও এক কৃষক।
খুলনায় সিঁদেল চোরের হামলায় ওষুধ ব্যবসায়ী নিহত

খুলনায় নিহত ভবতোষ মৃধা

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে চুরি করতে বাধা দেওয়ায় ভবতোষ মৃধা (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রীও আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন চোর ভবতোষ মৃধার ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে তিনি জেগে উঠে বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্যাতনে নিহত দুদু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তানের বয়স মাত্র চার মাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাউসপুর গ্রামের এক ব্যক্তির ভ্যান চুরির ঘটনায় দুদুকে সন্দেহ করা হয়। এরপর কয়েকজন যুবক তাকে খুঁজতে গিয়ে না পেয়ে তার পরিবারকে হুমকি দেয়। পরে রাতের দিকে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্তরা মরদেহ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে কৃষক খুন
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আকবর মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ন্য। মানবিক সহায়তা দিতে গিয়ে যদি আরেক স্থায়ী দখলের জন্ম হয়, তাহলে সেটা সাহায্য না হয়ে বরং নতুন সমস্যা হবে।