নামের ভুলে দিল্লিতে যাবজ্জীবন কারাদণ্ড, এবার চার সপ্তাহের প্যারোলে মোংলার পথে বাদল ফরাজি

0
ভুল হত্যা মামলায় দণ্ডিত বাদল ফরাজি চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন; মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে মোংলার উদ্দেশে নেওয়া হয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাটের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে পুলিশের সঙ্গে নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।

জানা গেছে, প্যারোল–সংক্রান্ত নীতিমালার ১–এর খ অনুযায়ী বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে, যেখানে সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগের কথা বলা হয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, প্যারোল নীতিমালা-২০১৬-এর বাইরে গিয়ে মানবিক কারণে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে; এটি ভবিষ্যতে বন্দীদের জীবনমান উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে এবং আইনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলাদা গবেষণাও করতে পারবেন।

এর আগে সোমবার বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে পুলিশি পাহারা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাঁর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় এবং এরপর প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্তির ব্যবস্থা করা হয়।

ঘটনার পটভূমিতে দেখা যায়, ২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডে ভারতীয় পুলিশ নিহত নারীর গৃহকর্মী ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন, কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

তখন বাদল ফরাজি অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় তিনি নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি। পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও স্কুলের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও তিনি মুক্তি পাননি।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন এবং একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন; পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরার পর প্রথমে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং পরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। দেশে ফেরার পরও তাঁর কারাবাস অব্যাহত থাকে, আর পরিবার ও মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে তাঁর স্থায়ী মুক্তির চেষ্টা চালিয়ে আসছেন।