যশোর বোর্ডে ফল পরিবর্তন ১৯০৯, এ প্লাস বেড়ে ৫১৫, ফেল থেকে পাস ৬২৮ জন

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণ

0
ছবি: লোকসমাজ।

তহীদ মনি ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফলে মোট ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন।

এর ফলে চলতি বছরের এইচএসসিতে এ প্লাস বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৩ জনে। সোমবার বিকেলে এই ফল ঘোষণা করা হয়।

চলতি বছরে এইচসিতে যশোর বোর্ড এ পাসের হার ছিল ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পায় ৩ হাজার ২২৮ জন। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাস করে ৫০ হাজার ৬৬৮ জন। গত ৩১ অক্টোর এই ফল প্রকাশিত হয়েছিল।

পরবর্তীতে ৭ দিনের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জানানোর কথা ছিল। সে আবেদন অনুসারে সোমবার ২৩ নভেম্বর ফল প্রকাশিত হয়।

বোর্ডের পুনর্নিরীক্ষণ ও পুর্নমূল্যায়নের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারী ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। এসব খাতা যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি খাতার নম্বরে পরিবর্তন এসেছে এবং ১ হাজার ৯০৯ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে।

শিক্ষা বোর্ডর প্রকাশিত ফলাফল অনুযায়ী এইচএসসির ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল থেকে পাস করেছে মোট ৬২৮ জন। এর মধ্যে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে ২ জন, বি পেয়েছে ১৮৯ জন, সি পেয়েছে ৭১ জন এবং ডি পেয়েছে ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নতির ক্ষেত্রে এ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন এবং বি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। অন্যদিকে ডি থেকে সি গ্রেডে উন্নীত হয়েছে ৫১ জন, সি থেকে এ হয়েছে ১ জন, সি থেকে বি হয়েছে ১২৪ জন, বি থেকে এ হয়েছে ৩ জন, বি থেকে এ মাইনাস হয়েছে ২৪৫ জন এবং এ মাইনাস থেকে এ হয়েছে ৩৪৩ জন।

শিক্ষার্থীদের এই ফল পরিবর্তনের বিষয়ে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, অনেক ক্ষেত্রে খাতা মূল্যায়নে শিক্ষকদের কিছু গাফিলতি ছিল এবং খাতা মূল্যায়ন যথাযথভাবে হয়নি। যার কারণে এত বেশি খাতায় নম্বর পরিবর্তন হয়েছে।

যারা মূল্যায়নে গাফিলতি করেছেন আগামীতে তাদের খাতা দেওয়া হবে না, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।