অনুপ স্মৃতি ফুটবলে কাশিপুরকে ২-০ গোলে হারিয়ে লাউজানী চ্যাম্পিয়ন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় তৃতীয় বর্ষ ৮দলীয় অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাশিপুর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লাউজানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এর আগে শুক্রবার বিকেল ৫টায় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাশিপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লাউজানী স্পোর্টিং ক্লাব বনাম কাশিপুর স্পোর্টিং ক্লাব। খেলা শুরুর ১৫ মিনিটে লাউজানী স্পোর্টিং ক্লাবের সাকিব গোল করে নিজের দলকে ১-০ গোলে এগিয়ে নেয়।

এছাড়া খেলার দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে লাউজানী স্পোর্টিং ক্লাবের আরিফ খান জয়ের করা গোলে ২-০ গোলে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে কাশিপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লাউজানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের আরিফ খান জয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, প্রেস ক্লাবের সেক্রেটারি তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাবেক খেলোয়াড় সালমান জাহান সনি, মেহেদী হাসান প্রান্ত, আল-আমিন হাসান, নয়ন হাসান, সুমন হোসেন, রিয়াজ হোসেনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। খেলা পরিচালনা করেন, হাবিবুর রহমান। ধারাভাষ্যে ছিলেন, সাবেক ফুটবলার আরিফুল ইসলাম টগর।