মিথুন ও সোহানের সেঞ্চুরিতে ময়মনসিংহের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাল খুলনা

এনসিএল

0
জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের বিপক্ষে মিথুন ও সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে খুলনা।। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহের বিপক্ষে প্রথম দিনের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল খুলনা। তবে মোহাম্মদ মিথুন ও নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছে দলটি।

মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর চতুর্থ উইকেটে মিথুন ও আফিফ হোসেন ৪৪ রানের জুটি গড়েন। এরপর আফিফ আউট হলেও পঞ্চম উইকেটে মিথুন ও সোহান যোগ করেন ১৬৯ রান।

মিথুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে রাকিবুল হাসানের বলে এলবিডব্লিউ হন। অন্যদিকে সোহান ১৮০ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ময়মনসিংহের পক্ষে ইয়াসির আরাফাত মিটু ১৬ ওভারে ৮০ রান দিয়ে সর্বাধিক ৪টি উইকেট শিকার করেছেন।

এদিকে আরেকটি ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম দিনের খেলায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ইমান আলীকে হারায় তারা। একে একে সাজঘরে ফেরেন সাব্বির হোসেন, প্রীতম কুমার, সাখির হোসেন শুভ ও নাঈম আহমেদ।

মাত্র ২৪ রানে ৪ উইকেট এবং পরবর্তীতে ৬২ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে রাজশাহী। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলের হাল ধরেন এস এম মেহেরব হাসান। নিহাদউজ্জামানকে সঙ্গে নিয়ে প্রথম দিন শেষে ৫৯ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে রাজশাহী। মেহেরব ১৩টি চারের সাহায্যে ১৩২ বলে ৮২ রান এবং নিহাদ উজ জামান ১২৩ বলে ২৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। রংপুরের পক্ষে মেহেদী হাসান ১১ ওভারে ৩৭ রান খরচ করে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।