চাকরি হারালেন ডিবির সাবেক হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা

0
হারুন অর রশীদ ।। ফাইল ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, তাঁর এই বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে এবং এতদিন তিনি সাময়িক বরখাস্তের অধীনে ছিলেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ ডিএমপিতে কর্মরত থাকাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বর্তমান, স্থায়ী ঠিকানা ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি।

পুলিশ সদর দপ্তরের অনুরোধে চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব বা সময় প্রার্থনা করেননি।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধান এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পর্যালোচনার পর রাষ্ট্রপতি গত ২৫ অক্টোবর এই বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন দেন।

এদিকে হারুন অর রশীদের পাশাপাশি একই অভিযোগে চাকরিচ্যুত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান সরকার এবং ডিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিন।

কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ ও দেশত্যাগ করে কর্মস্থলে না ফেরার অপরাধে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।