রামপালে হামলায় যুবলীগের সাবেক নেতা নিহত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামে যুবলীগের এক সাবেক নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইখলাস গাজী রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার সেখানে এসে তাকে লক্ষ্য করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে মাইঝে শিকদার ইখলাস গাজীর ওপর হামলা চালান। হামলায় কিল-ঘুষি ও চড়ের আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রামপাল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।