যশোরে মাদক কারবারি মশিউরের বাড়িতে ফের র‌্যাবের অভিযান, উদ্ধার ১৮৫ বোতল ভারতীয় সিরাপ

গত জুন মাসেও একই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছিল।

0
যশোরে মাদক কারবারি মশিউরের বাড়িতে র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :  যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত মাদক কারবারি মশিউরের বাড়িতে ফের অভিযান চালিয়েছে র‌্যাব-৬, যশোর। অভিযানে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে, যা দেশে অবৈধভাবে মাদক হিসেবে বিক্রি করা হয়।

শুক্রবার বিকেলে পরিচালিত এ অভিযানে মশিউরকে আটক করা হয়। তিনি শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। পরে মশিউরকে আটক করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত জুন মাসেও একই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মশিউরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও তিনি বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।