রাজধানীতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

0

লোকসমাজ ডেস্ক : দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন প্রদর্শন করতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম ‘জাতীয় ফার্নিচার মেলা’। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পাঁচ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড মোট ৩২৩টি স্টলে তাদের সর্বাধুনিক ডিজাইন ও আধুনিক ঘরানার আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি।

আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি—এই তিনটি হলে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। এছাড়া মেলা উপলক্ষে ক্রেতারা বিভিন্ন ক্যাটাগরির আসবাব কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। মেলাটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আবদুল আউয়াল জানান, জাতীয় ফার্নিচার মেলা দেশীয় উৎপাদকদের নতুন নকশা ও উদ্ভাবন ক্রেতাদের সামনে তুলে ধরার একটি অনন্য মঞ্চ। একই স্থানে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর উপস্থিতি থাকায় ক্রেতারা সহজেই বিভিন্ন পণ্যের মান, নকশা ও বৈশিষ্ট্য তুলনা করে পছন্দমতো আসবাব বেছে নিতে পারছেন।

গতকাল মেলাটির আনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, “দেশের আসবাবশিল্প অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা শিল্পটির শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।”

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, “তৈরি পোশাকশিল্পের বাইরে আন্তর্জাতিক বাজারে আমাদের ফার্নিচার ব্র্যান্ডগুলোর শক্ত অবস্থান তৈরি হওয়া অত্যন্ত গর্বের। বর্তমানে দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার আসবাবপত্রের বাজার গড়ে উঠেছে, যার প্রায় পুরোটাই এখন দেশীয় উদ্যোক্তাদের দখলে।”

সমাপনী বক্তব্যে বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় ফার্নিচার শিল্পের এই ধারাবাহিক অগ্রগতি বজায় রাখতে হলে মানসম্মত পণ্যের বিকাশ, নতুন ডিজাইন ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

উল্লেখ্য, মেলাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।