৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো খুলনা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ

সাফদারপুরে ট্রেন লাইনচ্যুতের পর ৯ ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকায় তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, সকাল ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করা হলে বিকেল ৩টার দিকে রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকার সাফদারপুরে আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।