ভারতে অবস্থান শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

0
শেখ হাসিনা ও এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নতির আশা প্রকাশ করেন।

এস জয়শঙ্কর বলেন, “তিনি (শেখ হাসিনা) একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি, সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার (ভারতে আশ্রয় নেওয়া) ওপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাঁকে নিজেকেই নিতে হবে।”

গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠাতে অনুরোধ জানালেও নয়াদিল্লি এখনো সাড়া দেয়নি।

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, “আমরা যা শুনেছি তা হলো, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে পরিচালিত হয়েছিল, সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয়; তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা।”

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, “আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যেকোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়।” তিনি আশা করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পরিপক্ব দৃষ্টিভঙ্গির হবে।