বনরক্ষীদের ওপর হামলা করে হরিণ শিকারী ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, আহত ২

বুধবার দুপুরে শরণখোলা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে আটক এক হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন দুই বনরক্ষী। বুধবার দুপুরে শরণখোলা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা বনের মধ্যে কয়েকজন হরিণ শিকারীকে দেখতে পান।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা ঘটনাস্থলের অদূরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে শিকারীরা কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারী কুদ্দুস রাজা (৩০)-কে আটক করতে সক্ষম হন।

আটক শিকারীকে নিয়ে ফেরার পথে কুদ্দুস রাজা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। এ সময় চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এবং বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা আটক কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর মঙ্গলবার রাতেই আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।