ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল বলেছেন, রবীন্দ্রনাথ একটি প্রতিষ্ঠান। তার কৃষি দর্শন কেবল কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল গ্রামীণ জনজীবনের সার্বিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং আধুনিকায়নের এক সমন্বিত রূপরেখা। তিনি বিশ্বাস করতেন, কৃষকদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নতি অসম্ভব। রবীন্দ্রনাথ ১৮৯৯ সাল থেকে শিলাইদহ ও পতিসরের জমিদারিতে ব্যক্তিগত উদ্যোগে কৃষি বিপ্লবের সূচনা করেন। তিনি কৃষকদের সাধারণ চাষের পরিবর্তে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, আমেরিকান ভুট্টা, নৈনিতাল ও আমরাগাছি আলু, পাটনাই মটর, আখ ও কপি চাষের উৎসাহ দিয়েছিলেন।
রোববার বিকেলে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক আরিফুল ইসলাম।
প্রধান অতিথি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে, ক্ষুদ্র কৃষকরা আলাদাভাবে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করতে পারবে না। তাই তিনি সমবায়ের মাধ্যমে জমি একত্রিত করে যৌথ চাষাবাদের পরামর্শ দিয়েছিলেন। কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা করতে তিনি পতিসরে ১৯০৫ সালে নিজস্ব অর্থায়নে কৃষি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষিকে জীবিকা হিসেবে সম্মানজনক করতে তিনি ছেলে রথীন্দ্রনাথকে আমেরিকায় কৃষিবিদ্যা পড়তে পাঠিয়েছিলেন, যা তৎকালীন সময়ে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত ছিল। পরে ১৯২২ সালে তিনি বোলপুরের শ্রীনিকেতন-এ একটি কৃষি ও পল্লী উন্নয়ন কেন্দ্র স্থাপন করেন, যা আজও কৃষি শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান।
রবীন্দ্রনাথের কৃষি দর্শন শীর্ষক স্মারক বক্তৃতা করেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।
স্মারক বক্তৃতায় বলা হয়, রবীন্দ্রনাথের দর্শনে কৃষি ছিল পল্লী পুনর্গঠনের প্রধান স্তম্ভ। তিনি গ্রামকে জীবন্ত করতে চেয়েছিলেন যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির সমন্বয় থাকবে। তিনি কৃষিতে গ্রামীণ নারীর অবদান স্বীকার করেছিলেন এবং পল্লী উন্নয়নে তাদের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্ব দিতেন। রবীন্দ্রনাথের কৃষি দর্শন ছিল ‘আত্মশক্তি’ বা আত্মনির্ভরশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা, যেখানে প্রকৃতি এবং মানুষ একে অপরের পরিপূরক।
অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসাদুজ্জামান আরিফ ও রহমতুল্লাহ। পরে অনুপম মিত্রের পরিচালনায় বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আধুনিক কৃষির জনক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দক্ষিণডিহি সমাপনী অনুষ্ঠান
সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন
লোকসমাজ ডেস্ক ॥ সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচি দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। গত বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়নে গতি আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মাঠপর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের উত্থাপিত উন্নয়নমূলক কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য একটি সমন্বিত ও কার্যকর তদারকি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় নতুন এই সেল গঠন করা হয়েছে।
গঠিত সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে। এছাড়া অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পরিচালক, এসাইনমেন্ট অফিসার-১, গবেষণা কর্মকর্তা এবং প্রটোকল অফিসার-১। প্রটোকল অফিসার-১ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে সেলের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচির চাহিদা গ্রহণ, সংকলন ও তথ্যভান্ডার সংরক্ষণ। পাশাপাশি প্রাপ্ত কর্মসূচিগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও বাস্তবসম্ভাব্যতা মূল্যায়ন এবং অগ্রাধিকার নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরে বাস্তবায়নের জন্য সুপারিশ পাঠানো হবে।
এছাড়া প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় সাধন, মাঠপর্যায়ের অগ্রগতি তদারকি, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রম নিয়মিত পর্যালোচনার দায়িত্বও পালন করবে সেলটি।
সেলের সার্বিক কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সময় সময় কর্তৃপক্ষকে অবহিত করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে সমন্বয়ের ঘাটতি, দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয়। নতুন এই সেল গঠনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর থেকে অতিরিক্ত প্রতিনিধি বা জনবল কো-অপ্ট কিংবা সংযুক্ত করা যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রজ্ঞাপনটি জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপের আবেদন শুরু
লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। দেশের অভ্যন্তরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তিকৃত বা অধ্যয়নরত গবেষকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী গবেষকদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া ১০ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী গবেষকের সমগ্র শিক্ষাজীবনে ন্যূনতম দু’টি প্রথম বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে (৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০)। ফেলোশিপের জন্য আবেদন জমা দেওয়ার তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
অনলাইন আবেদনের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের কপি, বাংলা অথবা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (২ সেট) আগামী ১১ জুন অফিস চলা সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসায় হটলাইন নম্বর ০১৭২৪ ৫৯৬৬৭৬ অথবা ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ বসানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের (বিবি)।
ঈদের ব্যস্ত বেচাকেনার সময়ে জাল নোটের প্রচলন ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশজুড়ে পশুর হাটে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোর জন্য একটি সমন্বিত কার্যক্রম কাঠামো তুলে ধরা হয়েছে।
সার্কুলারে বলা হয়, পশুর হাট চালু হওয়ার দিন থেকে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত বুথগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে হবে। ক্রেতা ও বিক্রেতাদের জন্য নোট যাচাই ও টাকা গণনার সেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, প্রতিটি বুথে আধুনিক নোট গণনা ও জাল নোট শনাক্তকরণ মেশিন রাখতে হবে। পাশাপাশি জাল নোট শনাক্তে দক্ষ অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দায়িত্বে রাখতে হবে।
জনসচেতনতা ও সহজ শনাক্তকরণের জন্য প্রতিটি বুথে দৃশ্যমানভাবে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রতিটি তফসিলি ব্যাংককে একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পর্যায়ের কর্মকর্তাকে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিতে বলা হয়েছে।
যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ব্যাংক পিএলসি তাদের চেস্ট শাখার মাধ্যমে অন্যান্য তফসিলি ব্যাংকের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করবে।
সার্কুলারে আরও বলা হয়, বুথে দায়িত্ব পালনকারী কর্মীদের অতিরিক্ত দায়িত্বের স্বীকৃতি হিসেবে উপযুক্ত ভাতা ও আর্থিক সুবিধা দিতে হবে।
এ ছাড়া সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাল নোট শনাক্ত হলে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুযায়ী, সন্দেহজনক জাল নোট সঙ্গে সঙ্গে জব্দ করতে হবে এবং নোট উপস্থাপনকারীর স্থানীয় ও স্থায়ী ঠিকানাসহ পূর্ণ পরিচয় সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া নোটটির উৎস সম্পর্কে বক্তব্য নিতে হবে এবং জব্দ করা নোটের উল্টো পাশে উপস্থাপনকারীর স্বাক্ষর বা টিপসই নিতে হবে। পরে নোটটির ওপর লাল কালি দিয়ে ‘জাল’ বা ‘নকল’ সিল দিতে হবে। যদি ব্যাংক কর্মকর্তারা মনে করেন, জেনে-শুনে জাল নোট উপস্থাপন করা হয়েছে, তাহলে বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে পাঠাতে হবে।
ঈদুল আজহাকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে সব ব্যাংক শাখাকে ব্যাংকিং সময়জুড়ে মনিটরে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের অন্যতম বড় মৌসুমি বাণিজ্যিক কার্যক্রম ঈদুল আজহার পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও সাধারণ ক্রেতাদের আর্থিক প্রতারণা থেকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ। ব্যাংক, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সহজলভ্য যাচাইসেবা নিশ্চিত করে ঈদুল আজহার পশুর হাটে লেনদেনে স্বচ্ছতা ও আস্থা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
যশোরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাফ হোসেন।
উদ্বোধক ছিলেন শেখ হাবিবুর রহমান। যশোর জেলা শাখার সভাপতি জাকির হোসেনে সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন পিন্টু, সাধারণ সম্পাদক গোপাল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সিদ্দিক আলী, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম, মুক্তার হোসেন, মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা সভাপতি সিদ্ধার্থ শংকর ব্যানার্জী।
যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় ভয়াবহ ট্রেন ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কয়লাবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।
নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোলগামী “মংলা কমিউনিটি এক্সপ্রেস” ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এসময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নেওয়া হলে রেললাইন স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ভাঙাগেট রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। অনেক সময় গেটম্যানের অনুপস্থিতি কিংবা সতর্ক সংকেত সঠিকভাবে কাজ না করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সেখানে দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এক নজরে জাতীয় ১০ সংবাদ
আজ ১০ মে, ২০২৬। দেশের বর্তমান উল্লেখযোগ্য ১০টি সংবাদের সারসংক্ষেপ নিচে দেওয়া হলো:
জাতীয় ও রাজনীতি
-
পুলিশ সপ্তাহের উদ্বোধন: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি শপথ নিতে বলেন যে, কোনো ফ্যাসিবাদ যেন আর পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।
-
বিপিএম-পিপিএম পদক স্থগিত: বিশেষ কারণে এ বছরের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
-
রাষ্ট্রপতির লন্ডন সফর: স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
-
কর্মসংস্থান পরিকল্পনা: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশে ২ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
অপরাধ ও দুর্ঘটনা
-
গাজীপুরে গণপিটুনি: গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উত্তেজিত জনতা এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
-
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
-
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিবিধ ও আন্তর্জাতিক
-
সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
-
হজযাত্রীদের মৃত্যু: এ বছর সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী। সেখানে এ পর্যন্ত মোট ১২ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
-
বায়ুদূষণে ঢাকা: বৃষ্টির স্বস্তি থাকলেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে রয়েছে এবং দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে।
খেলাধুলা আপডেট: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচে অভিষেকে আজান আওয়াইজের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান, যদিও বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা।
খুলনা বিভাগে হামে আরও ১০৭ শিশু হাসপাতালে, মোট আক্রান্ত ৩৫৬৬
স্টাফ রিপোর্টার, লোকসমাজ : খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৬ জনে। এখন পর্যন্ত মারা গেছে ১৯ জন শিশু।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান হামের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
জেলাভিত্তিক পরিস্থিতি
বিভাগীয় তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ১৬১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্য জেলাগুলোর পরিস্থিতি হলো—
- যশোর : ৫৮৬ জন
- মাগুরা : ৪৩৫ জন
- খুলনা : ৩৮১ জন
- মেহেরপুর : ২৫৭ জন
- ঝিনাইদহ : ২০৭ জন
- নড়াইল : ১৬৬ জন
- বাগেরহাট : ১৪০ জন
- চুয়াডাঙ্গা : ১০৩ জন
- সাতক্ষীরা : ১৩০ জন
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী এবং অনেক ক্ষেত্রে টিকা গ্রহণ না করার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সতর্কতা জরুরি
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, গত কয়েকদিনের তুলনায় সংক্রমণের গতি কিছুটা কমেছে, তবে ঝুঁকি এখনো রয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নিলে হামের জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়; অবসান হলো সপ্তাহব্যাপী রাজনৈতিক নাটকীয়তার

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিজয়। তাঁর মন্ত্রিসভায় এন আনন্দ, আধব অর্জুন ও সেলভি এস কীর্তনাসহ আরও ৯ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেস, সিপিআই ও বিজেপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিজয়ের পরিবারের সদস্য এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের প্রয়োজনীয় ১১৮ আসন না থাকায় কয়েক দিন যাবৎ তীব্র নাটকীয়তা চলে। শেষ পর্যন্ত গতকাল শনিবার ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দিলে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে। এরপরই গভর্নর বিজয়কে সরকার গঠনের আহ্বান জানান। ৫১ বছর বয়সী এই নায়ক নিজে দুটি আসনে জয়লাভ করেছেন।
লোহাগড়ায় জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদকের ওপর হামলা
নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কোটাকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে গ্রামের একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।









