লোহাগড়ায় জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদকের ওপর হামলা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে

0

নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কোটাকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে গ্রামের একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।