যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, সাময়িক বন্ধ রেল যোগাযোগ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় ভয়াবহ ট্রেন ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কয়লাবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।
নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোলগামী “মংলা কমিউনিটি এক্সপ্রেস” ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এসময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নেওয়া হলে রেললাইন স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ভাঙাগেট রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। অনেক সময় গেটম্যানের অনুপস্থিতি কিংবা সতর্ক সংকেত সঠিকভাবে কাজ না করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সেখানে দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।