অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার : অর্থমন্ত্রী

0
অর্থনীতির পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ অর্থনীতির পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে, তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে; অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি, সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এবং পরিকল্পনা কমিশনের সদস্যরাও বক্তব্য দেন।

জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, আমদানির মাধ্যমে বাংলাদেশকে মূল্যস্ফীতির চাপও বহন করতে হচ্ছে, যা সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই; তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।

প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে জানিয়ে তিনি বলেন, চতুর্থ বা পঞ্চম বছরেও পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে থাকা যাবে না—চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে ঘুরে দাঁড়ানোর সময় এবং পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।

স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, অগ্রগতির চিত্র দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না, বরং অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে এবং কোনো সূচক প্রত্যাশার তুলনায় দুর্বল থাকলে তার কারণ ও সংশোধনের পথ স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।

ব্যাংক খাত প্রসঙ্গে আমির খসরু বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দায়ের কারণে এ খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চালাতে হবে; এ মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, কারণ তাঁদের টাকা নিরাপদ, ফেরত পাবেন এবং কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। এ আশ্বাসের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে এবং এখন ব্যাংকগুলোতে নিট আমানতের প্রবাহ বাড়ছে বলে জানান তিনি।

পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে এর বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একসময় একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে এটি অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল; নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নতুন কমিশন গঠন করা হয়েছে এবং বিনিয়োগকারীরা ধীরে ধীরে ফিরলেও বাজার শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।

বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের কথা তুলে ধরেন, যেসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।

পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর পটভূমি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এর ভিত্তি রয়েছে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রণীত ‘ভিশন ২০৩০’-এ এবং পরবর্তী সময়ে ২৭ দফা ও ৩১ দফার মতো কর্মসূচি ও মতবিনিময়ের মধ্য দিয়ে এটি বিকশিত হয়েছে; বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, এআইআইবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা এ কাঠামোর সঙ্গে একমত হলেও বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা, বড় বিনিয়োগ এবং বেসরকারি খাত, সরকার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নে অর্থের যথাযথ ব্যবহার, অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারি ব্যয় থেকে পরিমাপযোগ্য সুফল ও প্রকল্পের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে সঠিক তথ্য প্রকাশের নির্দেশনা, গবেষণা সুবিধা প্রতিষ্ঠা ও অনলাইনে উপাত্ত উন্মুক্ত করার উদ্যোগের কথা জানান তিনি; আর এ কাঠামো বাস্তবায়নে বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ এবং এটিকে একটি চলমান দলিল হিসেবে রাখার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী।