নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

0
নওয়াপাড়ায় ভৈরব নদ গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর),লোকসমাজ : যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিখোঁজের পরিচয়নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। জানা গেছে, দুই দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি।

বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার দিকে তারা ভাই-বোন একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়।

নওয়াপাড়া নৌ পুলিশের ওসি রণজিৎ কুমার জানান, “খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিকেল পর্যন্ত অভিযান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তরুণীর কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”স্থানীয়দের ধারণা, স্রোতের টানে তলিয়ে গেছেন ওই তরুণী।