ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দুবৃত্তদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে

0
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

লোকসমাজ ডেস্ক: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকার পলিটেকনিকের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাবিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।