চুয়াডাঙ্গায় ১১৫০ জনের মাঝে চারা ও জৈবসার বিতরণ

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে উপজেলা পর্যায়ে বড় ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে রোববার সকাল সাড়ে ১০টায় সাধারণ মানুষের হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোট ১ হাজার ১শত ৫০ জনের মাঝে চারা বিতরণের সিদ্ধান্ত হয়।

কর্মসূচির প্রথম দিনে আজ প্রত্যেক উপকারভোগীকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা দেওয়া হয়। চারাগুলো টিকিয়ে রাখার সুবিধার্থে একই সাথে প্রত্যেককে ২৫ কেজি করে জৈবসার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি দেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে গাছের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ চুয়াডাঙ্গার পরিবেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় এই অর্থবছরে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকের এই চারা বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমানসহ স্থানীয় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।