জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলায় দুঃস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুঃস্থ মানুষের মাঝে খাবার, পানি ও কাপড় বিতরণ করা হয়েছে।

রোববার সকালে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতির উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ, নীতিবান ও দেশপ্রেমিক নেতা। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রক্ষমতায় এসে তিনি দেশের উন্নয়ন ও পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আদর্শ ও কর্ম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবনের সততা ও সরলতা রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রায় দেড় হাজার দুঃস্থ মানুষের মাঝে খাবার, বিশুদ্ধ পানি ও কাপড় বিতরণ করা হয়।