লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রায়পাশা গ্রামের বাসিন্দা মাওলানা সিরাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে রায়পাশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পারিবারিক সূত্র জানায়, মাওলানা সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটাকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রী দাবি করেন, “আমার স্বামী আগামী ইউপি নির্বাচনে নিশ্চিত চেয়ারম্যান হবেন— এমন আশঙ্কা থেকেই প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।”
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”