লিটনের বিশ্বরেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকার বিশাল লিড, হতাশায় বাংলাদেশ

0
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ লুফে নেওয়ার এক মুহূর্তে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ব্যবধান সামান্য থাকলেও শেষ পর্যন্ত ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গে চতুর্থ দিনের প্রথম সেশনে প্রোটিয়াদের প্রথম ইনিংস থেমেছে ৫৫৭ রানে। তবে এই দিনে বাংলাদেশের হতাশার মাঝেও টেস্ট ইতিহাসে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

আগের দিন ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনে শেষ তিন উইকেটে আরও ১৫২ রান যোগ করে। বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছেন রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা। তাদের ১১৭ রানের জুটি ভাঙার একাধিক সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্লিপে ক্যাচ ফেলে রাবাদাকে জীবন দেন এবং এর আগে রিকেলটনের ক্যাচও মিস করেন ফিল্ডাররা। সুযোগ কাজে লাগিয়ে রিকেলটন তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে স্টাম্পিং করে জুটি ভাঙেন লিটন দাস।

এই ডিসমিসালের মাধ্যমেই টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের বিশ্বরেকর্ড স্পর্শ করেন লিটন, এবং পরবর্তীতে রাবাদাকে স্টাম্প একইভাবে আউট করে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে মোট ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৮টি ডিসমিসাল করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভার দখলে।

ইনিংসের শেষদিকে হাসান মাহমুদের সামনে ৫ উইকেট পাওয়ার সুযোগ থাকলেও নো বলের কারণে ডেন প্যাটারসনের উইকেটটি হাতছাড়া হয়। শেষ পর্যন্ত এবাদত হোসেনের বলে লং অফে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে প্যাটারসন আউট হলে ৫৫৭ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৬৮ রানে অপরাজিত থাকেন। বড় এই সংগ্রহের পর বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।