ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

0
জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন এবং সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।

আজ জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনে সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিচ্ছেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধৈর্যের একটা সীমা আছে এবং সেই সীমা যেন অতিক্রম না করা হয়, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।

১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে রিজভী বলেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমিসহ বিভিন্ন সম্পদ অর্জনের তীব্র সমালোচনা করেন।

আলোচনা সভায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রাম সংকলন করে পূর্ণাঙ্গ মহাগ্রন্থ রচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।