কোরবানির হাট থেকে সোজা গবেষণাগারে: এখন কেমন আছে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’?

0
ঈদুল আজহার সময় দেশজুড়ে আলোচনায় আসা সাদা মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গবেষণার কাজে রয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ গত পবিত্র ঈদুল আজহার সময় দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করা অ্যালবিনো বা সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে এবং সেখানে এটি গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে।

বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশে মহিষটি ভালো আছে এবং এটিকে অন্য মহিষের সঙ্গে একই শেডে রাখা হলেও পুরুষ মহিষ হওয়ায় মারামারি এড়াতে আলাদা রাখা হয়েছে।

গত ২১ জুন রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে বিএলআরআইয়ে নিয়ে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয় এবং কোনো রোগবালাই শনাক্ত না হওয়ায় পরে এটিকে মূলধারায় সম্পৃক্ত করা হয়।

মহিষটি অ্যালবিনো হওয়ার কারণে এর গায়ের রং সাদা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার জানান, জিনের মিউটেশনের কারণে মহিষ অ্যালবিনো বা সাদা রঙের হয়ে থাকে।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, কোরবানির জন্য মোটাতাজাকরণ করায় মহিষটি প্রজননের উপযোগী ছিল না, তাই প্রায় চার মাসে সেটির ওজন কমানোর চেষ্টা করা হয়েছে এবং বর্তমানে এর ওজন সাড়ে পাঁচ শ কেজির মতো হয়েছে।

শীতকাল মহিষের প্রজননের উপযুক্ত সময় হওয়ায় গবেষকরা এই মহিষ থেকে সিমেন (বীর্য) সংগ্রহ করে দীর্ঘমেয়াদে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন, যা ভবিষ্যতে কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে।

যদি সফলভাবে বীর্য সংগ্রহ করা যায়, তবে সরকার বা খামারিদের মাধ্যমে স্ত্রী লিঙ্গের অ্যালবিনো মহিষ সংগ্রহ করে এদের উৎপাদন, আয়ুষ্কাল ও রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে আরও গবেষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মোটাতাজাকরণ করা মহিষটির অসাধারণ চুল ও গায়ের রঙের কারণে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচিত হওয়ায় সরকার মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় এবং কোরবানির ঈদের ঠিক আগে কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছ থেকে এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জাতীয় চিড়িয়াখানার মাধ্যমে বিএলআরআইয়ে স্থানান্তর করে।