প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’, দেশে বৃষ্টির সম্ভাবনা

0
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে চলেছে, যার প্রভাবে দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভান প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে এবং শনিবার দেশের বেশির ভাগ এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আজ সকাল ছয়টায় এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, আগামীকাল থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে এবং রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।