৩৩ হাজার কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দিল একনেক

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকারও বেশি ব্যয়ে মোট ১৬টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ, দেশব্যাপী খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ এবং সড়ক চার লেনে উন্নীতকরণ। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি প্রকল্প রয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে, যেখানে ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধির প্রকল্পে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা এবং রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা (যার মধ্যে প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা) ব্যয় ধরা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা এবং ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়, যা ইতিমধ্যেই পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে। সভায় অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।