যারা বিএনপির নাম ভাঙিয়ে মাদক ও চাঁদাবাজি করবে রাজনীতিতে তাদের জায়গা নেই: আইনমন্ত্রী

0
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।। ছবি: লোকসমাজ

ইমতিয়াজ আহমেদ, ঝিনাইদহ ॥ বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসায় জড়িত হলে দলে তার কোনো জায়গা নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে ধ্বংস হতে দেওয়া হবে না এবং এ ধরনের ব্যক্তির রাজনীতি করারও অধিকার নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিএনপির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি চাঁদাবাজি ও মাদক কারবার চালিয়ে যাচ্ছে, যাদের দলের দুঃসময়ে পাশে পাওয়া যাবে না; বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন যোগাযোগ ও আঁতাত রয়েছে। তিনি জানান, বিগত ১৭ বছরেও এ চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল এবং এ ধরনের লোক বিএনপিতে প্রয়োজন নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইন মেনে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে; এ ক্ষেত্রে কোনো পক্ষের পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না।

অনুষ্ঠান শেষে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।