দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ চোখ তুলে তাকালে বরদাশত করা হবে না: আইনমন্ত্রী

0
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগুন সন্ত্রাস ও নাশকতা চালিয়ে কেউ পার পাবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। একই অনুষ্ঠানে তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে অবস্থান করে অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে একটি পক্ষ দেশে জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড পছন্দ করে না; সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।