ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালাল নেতাকর্মীরা

0
ঝিনাইদহের সাধুহাটি-বোড়াই এলাকায় সড়ক অবরোধের পর পুলিশ ও স্থানীয়দের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়েছে বিক্ষোভকারীরা; ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।। ছবি: সংগৃহীত

ইমতিয়াজ আহমেদ, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে দিনদুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। পরে সাধুহাটি মোড়ে স্লোগান দিয়ে মিছিল করলে তিনি স্থানীয় লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে সরকারবিরোধী স্লোগান দেয় তারা। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

মুছা করিম খোকা অভিযোগ করেন, এ তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে। বিএনপির ছত্রছায়ায় তিনি গোপনে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের গাড়ির দিকে এগিয়ে গিয়ে ‘মাইর হবে, মাইর হবে’ বলে চিৎকার করে।

পরে মাঠে কাজ করা সাধারণ মানুষ হৈচৈ শুরু করলে একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) ফেলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। মোটরসাইকেলটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। পরে বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গার দিকে চলে যায়।

সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজের সময় মানুষ ব্যস্ত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। নামাজ শেষে তারা লোকমুখে এ খবর জানতে পারেন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার এসআই রোকনুজ্জামান জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।