গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

0
হাসপাতালে ভর্তি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাব্বির খানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ-এর পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান; তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাব্বির খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন তিনি। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথা বলার একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন এবং ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন; পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বির খানের ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয় এবং প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়।

সাব্বিরের অভিযোগ, হামলাকারীদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করে সেই ভিডিও তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়, পাশাপাশি মুঠোফোনে ও সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

বাসে পিরোজপুর হয়ে ঝালকাঠির রাজাপুরে যাওয়া যায় উল্লেখ করে সাব্বির জানান, কৌশলে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে যান তিনি এবং পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা হাসপাতালে যান; এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে তাঁর খোঁজখবর নেন ও সমবেদনা জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, সাব্বিরের ওপর এ আঘাত শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়, এটি ছাত্রদলের ওপরও আঘাত; তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার বিচার হবে বলে জানান।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার জানান, বাস থেকে নামিয়ে মারধর ও ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ, সাব্বিরের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমার জানান, সাব্বির খান কিছুটা সুস্থ হলেও আতঙ্কগ্রস্ত থাকায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খানের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।