যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক, উদ্ধার মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকার বেশি

0
যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করেছে ৪৯ বিজিবি; জব্দ মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩ জন আসামিসহ স্বর্ণের বার ও একটি প্রাইভেট কার আটক করে।

আটককৃতদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন।

আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), একই থানার কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।

বিজিবির হিসাব অনুযায়ী, আটক স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা, ২৩ গ্রাম রৌপ্যের মূল্য ৭ হাজার টাকা, একটি প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, ৪টি মোবাইলের মূল্য ৪৮ হাজার টাকা, ২টি হাতঘড়ির মূল্য ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকাসহ সর্বমোট জব্দ মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে এবং স্বর্ণসহ পাচারকারীদের আটকে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে; এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাঁরা আটক করতে সক্ষম হয়েছেন এবং সীমান্তে এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই চলবে।