কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১, বিজিবির পাল্টা গুলি

0
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার পর আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১ বাংলাদেশি নাগরিকের খবর জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে বিজিবি নিশ্চিত করতে পারেনি।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তিতে জানান, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের ভেতর থেকে গুলি চালানো হয়। ওই সময় মাথাভাঙ্গা নদীর পাশে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, আহত ব্যক্তির নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। তবে বিজিবির পক্ষ থেকে এখনো তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, ঘটনার পরপরই সীমান্তে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি পাল্টা গুলি চালিয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।