কয়রায় ওয়ার্ড জামায়াত অফিসে চেয়ার ভাঙচুরের অভিযোগ, আহত ৩

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে

0

কয়রা সংবাদদাতা, লোকসমাজ : খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে চেয়ার ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন— আমাদী ইউনিয়ন জামায়াতের মুরব্বী কমিটির সভাপতি শেখ মিজানুর রহমান, তার ভাই বাবর আলী শেখ এবং কলেজছাত্র ইমরান শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়ার্ড জামায়াত কার্যালয়ে শেখ মিজানুর রহমানের সঙ্গে আমাদী গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলামের একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম সেখান থেকে চলে যান। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে এসে চেয়ার ভাঙচুর করেন এবং শেখ মিজানুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে বাবর আলী শেখ ও ইমরান শেখও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা গ্রহণ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. রবিউল ইসলাম বলেন, “আমাকেই মারধর করা হয়েছে। এছাড়া আমার পকেট থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সরদার বংশের লোকজনকে জড়াতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”