খুলনা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী : রোগীর খাবার মুখে নিয়ে ফেলে দিলেন, রেবিস ভ্যাকসিন সংকটে সুপারকে ধমক

0

খুলনা ব্যুরো :
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়ে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। রোগীদের নিম্নমানের খাবার ও রেবিস ভ্যাকসিন সংকটে অসন্তোষ জানিয়ে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তীব্র ভর্ৎসনা করেন।

বুধবার সকালে হাসপাতালে পরিদর্শনে গেলে রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরে অভিযোগ করেন, হাসপাতালে রেবিস ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। এ সময় মন্ত্রী সরাসরি জানতে চান, কেন হাসপাতালে ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে।জবাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক সরবরাহ সংকটের কথা বললে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় কোনো কার্যকর উদ্যোগ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়োর তরকারি পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। তরকারি মুখে দিয়েই তা ফেলে দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “এ ধরনের খাবার কি আপনাদের বাসায় রান্না হলে খেতেন?” পরে রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

ঘটনার পর হাসপাতালের সেবার মান, ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ এবং রোগীদের খাবারের গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, শুধু আকস্মিক পরিদর্শন নয়, স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।